কাজে ফিরেছেন টিটিই শফিকুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৩০ এএম পরিবর্তনের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৫০ এএম
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত হওয়া ট্রেন টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলাম কাজে ফিরেছেন। আজ সোমবার দুপুরে তিনি ঈশ্বরদী জংশন স্টেশনের টিটিইজ হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আগামীকাল মঙ্গলবার থেকে তাঁর ডিউটি শুরু হবে।
টিটিই শফিকুল ইসলাম নিজেই প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর আজ সকালে তিনি টিটিইজ হেডকোয়ার্টারে গিয়ে কাজে যোগ দেওয়ার আবেদন করেন। এরপর দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন। আগামীকাল থেকে তাঁকে ডিউটি দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিয়ম অনুযায়ী ট্রেনে ডিউটি না থাকলে হেডকোয়ার্টারে থাকতে হয়। বিকেল চারটা পর্যন্ত সেখানে থেকে তিনি বাড়ি ফেরেন।
শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাময়িক বরখাস্তের কারণে মানসিকভাবে কষ্টে ছিলাম। কাজে ফিরতে পেরে মনে অনেক শান্তি লাগছে। ট্রেনে ডিউটি শুরু করে আগের মতো আমি আমার দায়িত্ব পালন করতে চাই।’
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের জ্যেষ্ঠ পরিদর্শক বরকতুল্লাহ আল-আমিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী টিটিই শফিকুল ইসলামকে যোগদানপত্র দেওয়া হয়েছে। তিনি কাজে যোগ দিয়েছেন। যেকোনো সময় তাঁকে ট্রেনে দায়িত্ব দেওয়া হবে।
গত বৃহস্পতিবার রাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে বিনা টিকিটে তিন যাত্রী ঢাকায় যাচ্ছিলেন। তাঁরা ট্রেনের এসি কামরায় বসে ছিলেন। তাঁদের কাছে ভাড়া চাইলে টিটিইর সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে ওই তিন যাত্রী নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেন। টিটিই শফিকুল ইসলাম তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০ টাকা ভাড়া নিয়ে এসি কামরা থেকে শোভন কামরায় পাঠান। এর কিছুক্ষণের মধ্যে মুঠোফোনে টিটিই শফিকুলকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
বরখাস্তের কারণ হিসেবে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এক যাত্রীর হাতে লেখা একটি অভিযোগপত্র দিয়েছেন। ঘটনার দিন ইমরুল কায়েস নামের এক যাত্রী অভিযোগটি দেন। ওই দিনই টিটিই শফিকুল ইসলাম বরখাস্ত হন। তবে রোববার তাঁকে আবার কাজে বহাল করা হয়।
এই পর্যন্ত সংবাদটি 0 বার পঠিত হয়েছে।
শীর্ষ খবর/আ আ





